রমজানে অনলাইন ভিডিও বার্তায় ট্রুডোর শুভেচ্ছা
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিজের দেশ এবং বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে একটি ভিডিও বার্তাটি প্রকাশ করেন তিনি।
শুভেচ্ছা বার্তার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে সম্মান প্রদর্শনের আহ্বান জানান ট্রুডো।
বিশ্বে এই মুহূর্তে দারুণ জনপ্রিয় এ প্রধানমন্ত্রী বলেন, কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবেন তারা। এছাড়াও মাসজুড়ে ইবাদত করবেন। তাই এই রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
https://twitter.com/JustinTrudeau/status/1253451980090994688
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রুডো বলেন, নিঃসন্দেহে এবারের রজমান হবে সম্পূর্ণ আলাদা। আমি জানি মানুষ তাদের জীবনে রজমানের প্রকৃত অর্থ খুঁজে বের করবে।
তিনি বলেন, কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছেন। এ মাসেও এর ব্যতিক্রম হবে না।
জাস্টিন ট্রুডো আরো বলেন, এবার বাসায় থেকে রোজা পালন করুন। মসজিদ বা কমিউনিটি সেন্টারে বন্ধুদের সঙ্গে ইফতার না করে তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হন।